লালমোহনে ২০০ অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

 


ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ২০০ জন অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুদ্ধির মুক্তি ফাউন্ডেশন’ এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাসিম মাতাব্বরের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবায় অংশ নেন চিকিৎসক মো. মিজানুর রহমান (দিপু)। তিনি অসহায় শিশু, নারী ও পুরুষদের মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিব মাতাব্বর, সাধারণ সম্পাদক আরিফ মাতাব্বর, অর্থ সম্পাদক হাকিম উদ্দিন বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় অসহায় মানুষজন বিনামূল্যে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ