রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “বিয়ারিং প্যাড নিচে পড়ে ঘটনাস্থলেই একজন পথচারী নিহত হয়েছেন বলে আমরা শুনেছি। তাঁর নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।”
পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট পাওয়া যায়, যাতে নাম উল্লেখ রয়েছে আবুল কালাম, বাড়ি শরীয়তপুর, জন্মসাল ১৯৯০।
ডিএমটিসিএল সূত্র জানায়, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছিল ১১ ঘণ্টার জন্য। তখন বিশেষজ্ঞরা এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, মেট্রোরেলের উড়ালপথের পিলারের নিচে থাকা প্রতিটি রাবারের বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো উড়ালপথের ভারসাম্য রক্ষা করে। বিয়ারিং প্যাড খুলে গেলে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়—উড়ালপথ দেবে যেতে পারে বা স্থানচ্যুত হতে পারে।
0 মন্তব্যসমূহ